পিএনএস ডেস্ক: ঝালকাঠির নলছিটিতে শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন এক মা। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় তাদের জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় ঘটনা ঘটে। উদ্ধার নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি শহরের বাসিন্দা সাইদুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাকি আক্তার তার ৫ বছরের মেয়ে সন্তানকে নিয়ে নলছিটি ফেরিঘাট এলাকায় এসে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। তারা মা ও শিশুকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
নদীতে ঝাঁপ দেওয়া লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই তার স্বামীর সঙ্গে কলহ লেগে থাকতো। কিছুদিন আগে স্বামীকে ডিভোর্স দেন তিনি। এরপর থেকে স্বামী মেয়েকে তার কাছ থেকে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছিলেন। এ কারণে মানসিক হতাশায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে সাইদুল ইসলামের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জান জানান, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
পিএনএস/রাআ
সন্তান নিয়ে মায়ের নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় জীবিত উদ্ধার
11-07-2026 11:51AM

