পিএনএস ডেস্ক: বান্দরবানের সব পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ সময় জেলার সকল পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।
সোমবার (৬ জুলাই) রাত ১০টায় বান্দরবান জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি রয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই ২০২৬ তারিখ (শুক্রবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।
এই সময়ে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনসহ জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।
পিএনএস/রাআ
বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
07-07-2026 12:23AM

