পিএনএস, বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরে যানবাহনের জটলা এড়াতে পথচারীদের জন্য ফুটপাত উন্মুক্ত করা হচ্ছে। যানজট নিরসন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মাঠে নেমেছে বগুড়া সিটি কর্পোরেশন। টানা তৃতীয় দিনের মতো পরিচালিত বিশেষ অভিযানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদসহ মালামাল জব্দ করা হয়েছে। এছাড়া খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা দিয়েছে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান।
আজ সোমবার দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে থানা মোড়, সেলিম হোটেল এলাকা, কাঁঠালতলা, রাজাবাজার, ফতেহ আলী ব্রিজ, গালাপট্টি ও হোটেলপট্টি এলাকায় অভিযান চালানো হয়। নেতৃত্ব দেন বগুড়া সিটি কর্পোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন।
মনিটরিং কার্যক্রম পরিচালনার সময় খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ফতেহ আলী ব্রিজ এলাকার প্রিয়াঙ্কা দই ঘরে ফ্রিজে মেয়াদোত্তীর্ণ, বাসি ও পঁচা রসমালাই সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। খাদ্য নিরাপত্তা আইনে ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র হালনাগাদ রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এছাড়া ফতেহ আলী ফুড গার্ডেনে মেয়াদোত্তীর্ণ, বাসি ও পঁচা খাবার সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকা এবং কাফেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পচনশীল খাবার কাঁচা সবজি ও ফলমূল জব্দ করে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে। যেসব খাদ্যদ্রব্য মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বা পচা, সেগুলো ধ্বংস করা হয়েছে।
বগুড়া সিটি কর্পোরেশন সূত্র জানায়, মাইকিংয়ের মাধ্যমে অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার নির্দেশনা দেওয়া হয়েছিল। অনেক দখলদার সেই নির্দেশনা উপেক্ষা করায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। সাতমাথা এলাকায় রাস্তার পাশে গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
বগুড়া সিটি কর্পোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন জানান, শহরকে যানজটমুক্ত ও নাগরিক বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। নিরাপদ চলাচল নিশ্চিত করতে কোনো ধরনের অবৈধ দখল বা অনিয়মের সঙ্গে আপস করবে না।
পিএনএস/এএ
বগুড়ায় ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়
06-07-2026 08:46PM

