পদ্মার এক ইলিশ বিক্রি সাড়ে ৯ হাজার টাকায়

  07-07-2026 12:39PM


পিএনএস ডেস্ক: রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়া ২ কেজি সাইজের এক ইলিশ মাছ বিক্রি হয়েছে ৯ হাজার ২০০ টাকায়। মাছটি কিনেছেন টাঙ্গাইলের এক সৌদি আরব প্রবাসী।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ এ তথ্য জানান।

জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে পদ্মা নদীর দৌলতদিয়ার কুশাহাটা এলাকায় জাল ফেলেন জেলে সাগর হালদার ও তার সহযোগীরা। সকালে জাল তুলে দেখেন তার জালে আটকা পড়েছে বড় আকৃতির একটি রুপালি ইলিশ। মাছটি দৌলতদিয়া দেলোয়ারের আড়তে এনে দেখেন, মাছটির ওজন ২ কেজি। পরে সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৪ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৯ হাজার টাকায় কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান জানান, উন্মুক্ত নিলামে ইলিশ মাছ কিনে অনলাইনে যোগাযোগ করে কেজিতে ১০০ টাকা লাভে অর্থাৎ ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে টাঙ্গাইলের এক সৌদিআরব প্রবাসীর কাছে বিক্রি করেছেন। সেই সাথে তিনি ১ কেজি ৬০০ গ্রাম ওজনে আরেকটি ইলিশ নিয়েছেন। সেটি ৪ হাজার টাকা কেজি দরে কিনে ৪ হাজার ২০০ টাকা করে বিক্রি করেছেন।


পিএনএস/মোআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন