রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

  22-07-2026 01:10AM

পিএনএস ডেস্ক: রাজধানীর সবুজবাগে পূর্ব শত্রুতার জের ধরে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে রাজারবাগ বাজার পানির পাম্প-সংলগ্ন এলাকায় এই হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম মো. পলাশ (৩৪)। তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি মাদারটেকের সবুজবাগ এলাকায় থাকতেন এবং পেশায় প্রাইভেটকারের চালক ছিলেন।

পলাশকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী হিরা জানান, পলাশ সবুজবাগ ৫ নম্বর ইউনিট বিএনপির কর্মী। রাতে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় রয়েল, সবুজ, নাঈমসহ ১০ থেকে ১২ জন তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে নিয়ে যায়। সেই সঙ্গে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন