অবৈধ অস্ত্র কেনা ও মজুত নিয়ে আলাপের ভিডিও ভাইরাল, আটক ৪

  24-01-2026 09:32PM

পিএনএস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুত নিয়ে আলাপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা বিএনপির আলোচিত নেতা বজলুর রহমান ওরফে ডন বজলুকে তিন সহযোগীসহ আটক করেছে র‌্যাব-১১। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। তবে কোথা থেকে এবং কখন তাদের আটক করা হয়েছে ওই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি র‌্যাব।

বজলুর রহমান সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন।

বজলুর সঙ্গে আটক অন্যরা হলেন- উপজেলার নাজমুল হকের ছেলে ইউসুফ ওরফে বাদল (২০), মৃত সাদেক আলীর ছেলে সাইফুল (৩৪) ও মৃত নূরউদ্দিন আহমেদের ছেলে আব্দুল জব্বার (৪৩)।

মূলত গত ২১ জানুয়ারি রাতে সোনারগাঁয়ের একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় বিএনপির ওই নেতা ও তার সহযোগীদের কথোপকথনের একটি ভিডিওটি ভাইরাল হয়।

ওই ভিডিওতে দেখা যায়, আটক বিএনপি নেতা বজলুর রহমান তার কর্মী-সমর্থকদের নিয়ে সোনারগাঁয়ের একটি স্থানীয় রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন। ওই সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের মধ্যে একজনকে নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁও এলাকায় প্রচুর অবৈধ অস্ত্র মজুত করা হচ্ছে বলে মন্তব্য করতে শোনা যায়। একই ভিডিওতে বজলুর পাশে বসা আরেকজনকে বজলুর কানে কানে বলতে শোনা যায়, ‘নির্বাচনের জন্য আমাদের ২টা শটগান লাগবোই। একটা আপনের লগে থাকবো, আরেকটা আমাগো কাছে থাকবো।’

এএইচএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন