পিএনএস ডেস্ক : ব্যাংক হলিডে উপলক্ষে বুধবার (১ জুলাই) দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের পুঁজিবাজারের লেনদেনও।
তবে এদিন বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব কার্যালয়ে অর্ধবার্ষিক হিসাব-নিকাশ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।
প্রতি বছর ১ জুলাই ব্যাংক খাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ উপলক্ষে ব্যাংক হলিডে পালন করা হয়। এ সময় ব্যাংকগুলো বছরের প্রথম ছয় মাসের হিসাব চূড়ান্ত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে।
ব্যাংক বন্ধ থাকায় বুধবার দেশের দুই পুঁজিবাজার— ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)— এও কোনো লেনদেন হবে না। কারণ শেয়ারবাজারের অধিকাংশ লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।
এ ছাড়া প্রতিবছর ৩১ ডিসেম্বরও বার্ষিক হিসাব চূড়ান্ত করার জন্য ব্যাংক হলিডে পালন করা হয়। ওই দিনও গ্রাহক পর্যায়ের ব্যাংকিং লেনদেন বন্ধ থাকে।
পিএনএস /এএ
বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন
30-06-2026 08:45PM

