আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হেরে হতাশ শান্ত

  30-06-2026 09:37PM

পিএনএস ডেস্ক : হারারে টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস এবং ৮৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন হারের পর স্বাভাবিকভাবেই চরম হতাশা প্রকাশ করেছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

পুরো ম্যাচে দুই ইনিংসে একবারের জন্যও ২০০ রান পার করতে পারেনি টাইগাররা। সাবেক অধিনায়ক মুমিনুল হকের লড়াকু ৬০ রান ছাড়া দলের আর কোনো ব্যাটসম্যান একটি ফিফটিও করতে পারেননি। এমন হতাশাজনক ব্যাটিংয়ের পর অধিনায়কের কণ্ঠে কেবলই আফসোস ঝরেছে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘প্রথম ইনিংসে আমরা মোটেও ভালোভাবে ব্যাট করতে পারিনি। সত্যি বলতে, ম্যাচটা আমরা ওখানেই হেরে গেছি। বোলিং ও ব্যাটিং— দুই বিভাগের কোনোটিতেই আমরা ভালো করতে পারিনি।'

এ সময় জিম্বাবুয়ের কন্ডিশন ও নিজেদের পরিকল্পনা নিয়ে শান্ত আরও বলেন, 'এখানকার কন্ডিশন আমাদের জন্য কিছুটা ভিন্ন এবং চ্যালেঞ্জিং ছিল। তবে কন্ডিশন যেমনই হোক, আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নিয়েই খেলতে হবে। আমরা সেই চ্যালেঞ্জ নিতে ব্যর্থ হয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রপার ক্রিকেটিং শট খেলা দরকার ছিল, আমরা প্ল্যান কাজে লাগাতে পারিনি। বিপরীতে জিম্বাবুয়ের পেসাররা অসাধারণ বল করেছে।’

টেস্ট সিরিজে বড় ধাক্কা খেলেও সামনে থাকা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ নিয়ে এখনও আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শান্ত জানান, ‘সাদা বলের ক্রিকেটে গত ৪-৫টি সিরিজে আমরা বেশ ভালো খেলছি এবং জিতেছিও। দলের ছেলেরা সবাই উজ্জীবিত আছে। আশা করি, সামনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আমরা ঘুরে দাঁড়াতে পারব।’

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন