পিএনএস ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি অস্থায়ী চুক্তি এবং এর পরবর্তী চলমান আলোচনার পরিপ্রেক্ষিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালী’ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আগের সপ্তাহের তুলনায় ৫০ শতাংশের বেশি বেড়েছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১৩০টি বাণিজ্যিক জাহাজ যাতায়াত করত। কিন্তু ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং পরবর্তীতে তেহরানের পাল্টা প্রতিশোধমূলক পদক্ষেপের কারণে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথটি কার্যত স্থবির হয়ে পড়েছিল।
সাম্প্রতিক মার্কিন-ইরান চুক্তির ফলে সামুদ্রিক চলাচল আবার পুনরুদ্ধার হতে শুরু করলেও, বর্তমান যান চলাচল যুদ্ধ-পূর্ববর্তী সময়ের তুলনায় এখনও প্রায় ৭০ শতাংশ কম রয়েছে। আলোচনার ভঙ্গুর অবস্থা এবং ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বৈশ্বিক শিল্প প্রতিনিধি ও জাহাজ মালিকরা এই জলপথটি ব্যবহারে এখনও বেশ সতর্ক অবস্থান নিচ্ছেন।
সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘কেপলার’-এর তথ্য অনুযায়ী, গত ১৫ থেকে ২১ জুনের সপ্তাহে মোট ২২৩টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা দৈনিক গড়ে মাত্র ৩২টি। ওই সপ্তাহে ১৭ জুন সর্বনিম্ন ১৯টি এবং ২২ জুন সর্বোচ্চ ৫৪টি জাহাজ চলাচল করেছিল। তবে এর পরের সপ্তাহে, অর্থাৎ ২২ থেকে ২৮ জুনের মধ্যে প্রণালীটি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।
এই সপ্তাহে মোট ৩৪৩টি বাণিজ্যিক জাহাজ যাতায়াত করেছে, যেখানে দৈনিক গড় দাঁড়িয়েছে ৪৯টি জাহাজে। গত ২৪ জুন রেকর্ড সর্বোচ্চ ৭৬টি জাহাজ এই পথ ব্যবহার করে, যা ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক দিনে সর্বোচ্চ যান চলাচলের রেকর্ড।
আগের সপ্তাহের তুলনায় এই প্রণালী দিয়ে সামুদ্রিক যোগাযোগ প্রায় ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কেপলারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই যাতায়াতকারী নৌযানের সিংহভাগই ছিল অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যবাহী বড় বড় ট্যাংকার। এগুলো প্রধানত ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক এবং কুয়েত থেকে বিভিন্ন দেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
প্রাপ্ত তথ্য মতে, শুধুমাত্র গত সোমবারই হরমুজ প্রণালী দিয়ে কমপক্ষে ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পারাপার হয়েছে। তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কড়া নজরদারির মধ্যেও একটি উল্লেখযোগ্যসংখ্যক জাহাজ ইরানের জলসীমার নির্ধারিত পথটি ব্যবহার করছে।
পিএনএস /এএ
হরমুজে জাহাজ চলাচল ৫০ শতাংশ বেড়েছে
30-06-2026 08:51PM

