তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড-ফ্রান্স একাদশে পরিবর্তন

  19-07-2026 02:48AM

পিএনএস ডেস্ক: বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে আগেই। তবে টুর্নামেন্টটা জয় দিয়ে শেষ করার সুযোগ এখনও রয়েছে ইংল্যান্ড ও ফ্রান্সের সামনে। রোববার (স্থানীয় সময়) মিয়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি।

আর্জেন্টিনার কাছে শেষ মুহূর্তে ২-১ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় ইংল্যান্ড। অন্যদিকে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফাইনালের টিকিট হাতছাড়া করে ফ্রান্স। ফলে এখন ব্রোঞ্জ পদকের জন্য লড়াইয়ে নামছে দুই দল।

ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল এই ম্যাচে একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছেন। দীর্ঘ টুর্নামেন্টের ক্লান্তি বিবেচনায় নিয়মিত কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বেঞ্চের খেলোয়াড়দের।

গোলবারের নিচে এবার জর্ডান পিকফোর্ডের পরিবর্তে সুযোগ পাচ্ছেন ডিন হেন্ডারসন। রক্ষণভাগে আছেন এজরি কনসা, জ্যারেল কোয়ানসাহ, মার্ক গেহি ও জেড স্পেন্স। মাঝমাঠে দায়িত্ব পালন করবেন ডেকলান রাইস, মরগ্যান রজার্স ও এবেরেচি এজে। আর আক্রমণভাগে থাকছেন বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড ও আইভান টনি।

সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে চোট পাওয়ায় একাদশে নেই রিস জেমস। এছাড়া হ্যারি কেন, জুদ বেলিংহ্যাম, জন স্টোনসদেরও বিশ্রাম দেওয়া হয়েছে।

তবে গোল্ডেন বুটের লড়াইয়ে ছয়টি করে গোল নিয়ে থাকা কেন ও বেলিংহ্যামকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত কিছুটা বিস্ময়ও তৈরি করেছে। বর্তমানে সর্বোচ্চ আট গোল করে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে।

ফ্রান্সও তুলনামূলক পরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। গোলবারের নিচে মাইক মেনিয়াঁ। রক্ষণে গুস্তো, কোনাতে, লাক্রোয়া ও থিও হার্নান্দেজ। মাঝমাঠে রয়েছেন জাইরে-এমেরি ও আদ্রিয়েন রাবিও। আক্রমণভাগে মাইকেল অলিসে, রায়ান চেরকি, দেজিরে দুয়ে এবং অধিনায়ক কিলিয়ান এমবাপে।

বিশ্বকাপে এখন পর্যন্ত আট গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন এমবাপে। ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে গোল করলে মেসিকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে যাওয়ার সুযোগ রয়েছে তার সামনে।

ইংল্যান্ডের আরেক মিডফিল্ডার ডেকলান রাইস পুরো টুর্নামেন্টজুড়েই অসুস্থতা, কাফের চোট এবং হ্যামস্ট্রিং ও পিঠের স্নায়ুর ব্যথা নিয়ে খেলেছেন। তবুও ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে তাকে শুরু থেকেই রেখেছেন টুখেল।

অন্যদিকে ফ্রান্সের কোচও তরুণদের ওপর আস্থা রেখেছেন। অলিসে, চেরকি ও দুয়ের মতো আক্রমণাত্মক ফুটবলারদের সঙ্গে এমবাপেকে রেখে শেষ ম্যাচে জয় নিয়েই বিশ্বকাপ শেষ করতে চান তিনি।

দুই দলের একাদশ
ইংল্যান্ড: ডিন হেন্ডারসন; এজরি কনসা, জ্যারেল কোয়ানসাহ, মার্ক গেহি, জেড স্পেন্স; ডেকলান রাইস, মরগান রজার্স, এবেরেচি এজে; বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড, ইভান টনি।

ফ্রান্স: মাইক মেনিয়াঁ; মালো গুস্তো, ইব্রাহিমা কোনাতে, ম্যাকসেন্স লাক্রোয়া, থিও হার্নান্দেজ; ওয়ারেন জাইরে-এমেরি, আদ্রিয়েন রাবিও; মাইকেল অলিসে, রায়ান চেরকি, দেজিরে দুয়ে; কিলিয়ান এমবাপে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন