ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু

  14-05-2026 07:10PM

পিএনএস ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার ওমান প্রবাসী ভাইয়ের মরদেহ নিজেদের গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারবাজার পাড়া এলাকার মরহুম আব্দুল মজিদের সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই ওমানে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী শুক্রবার দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, ওমানের মেল্লা এলাকায় বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে গাড়ির ভেতরে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। পরে রাতে মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পুরো রাঙ্গুনিয়াজুড়ে শোকের মাতম শুরু হয়।

স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেন সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের একদিন পর দেশে ফেরার কথা ছিল। কিন্তু এখন চার ভাই-ই ফিরছেন লাশ হয়ে। তিনি আরও জানান, নিহত চার ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তবে এখনো তাদের মায়ের কাছে চার সন্তানের মৃত্যুর খবর পুরোপুরি জানানো হয়নি।

প্রাথমিকভাবে ওমান পুলিশ ধারণা করছে, দীর্ঘ সময় গাড়িটি চালু অবস্থায় স্থির থাকার কারণে এসি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে গাড়ির ভেতরে ছড়িয়ে পড়ে। এতে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হতে পারে। তবে পরিবারের সদস্যদের মনে মৃত্যুর কারণ নিয়ে ভিন্ন ধরনের সন্দেহও তৈরি হয়েছে। পরিবার এখনো নিশ্চিতভাবে জানে না কীভাবে তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, তিনি বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছেন। পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন