ইসরায়েলের জন্য লোহিত সাগরে নৌ-চলাচল নিষিদ্ধ: ইয়েমেন

  08-06-2026 04:49PM



পিএনএস ডেস্ক: ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেওয়ার পাশাপাশি জোর দিয়ে বলেছেন: লোহিত সাগরে ইসরায়েলিদের জন্য নৌ-চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি সোমবার এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার কথা জানান।

ইয়াহিয়া সারি বলেন, ইরান, ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইয়েমেনে জিহাদ ও প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলি আগ্রাসনের মোকাবিলা, তথাকথিত ‘নতুন মধ্যপ্রাচ্য’-এর নামে ‘বৃহত্তর ইসরায়েল’ প্রতিষ্ঠার ইহুদিবাদী প্রকল্পের বিরোধিতা, ইয়েমেনের জনগণ এবং লেবানন, গাজা ও ইরানের স্বাধীনতাকামী জনগণের বিরুদ্ধে আমেরিকার অন্যায় অবরোধ ভেঙে ফেলার লক্ষ্যে, এবং বিভিন্ন প্রতিরোধমঞ্চের ঐক্যের ভিত্তিতে শত্রুর মোকাবিলা ও লেবানন, ইরান এবং গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী একাধিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তেল আবিবে ইসরায়েলি শত্রুর গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলাটি অত্যন্ত নির্ভুলভাবে পরিচালিত হয়েছে এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে সফল হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরও বলেন, ‘আমরা লোহিত সাগরে ইসরায়েলি শত্রুর জন্য সামুদ্রিক নৌ-চলাচলের ওপর পূর্ণ ও নিঃশর্ত নিষেধাজ্ঞা ঘোষণা করছি। এই বিবৃতি প্রকাশের মুহূর্ত থেকে শত্রুর যে-কোনো চলাচল আমাদের সশস্ত্র বাহিনীর বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, ইয়েমেন প্রতিটি উত্তেজনার জবাব আরও কঠোর উত্তেজনার মাধ্যমে দেবে এবং ইয়েমেনের সামরিক অভিযান ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, যা চলমান পরিস্থিতি, যুদ্ধক্ষেত্রের বাস্তবতা এবং জিহাদ ও প্রতিরোধ অক্ষের সঙ্গে সমন্বয় রেখে পরিচালিত হবে।
সূত্র: প্রেসটিভি


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন