পিএনএস ডেস্ক: স্মার্টফোনে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করার সময় সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে বড় বিপদ। সাইবার অপরাধীরা এখন ভুয়া অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যাংক হিসাব ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার নতুন ফাঁদ পেতেছে। প্রযুক্তিবিষয়ক একটি প্রতিবেদনে উঠে এসেছে, ভুয়া গুগল ক্রোম ও টিকটক অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে একটি ভয়ংকর ম্যালওয়্যার, যা মুহূর্তেই ব্যবহারকারীদের আর্থিক তথ্য চুরি করতে সক্ষম।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, হ্যাকাররা বিভিন্ন ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের জনপ্রিয় অ্যাপ ডাউনলোডে উৎসাহিত করছে। অনেকেই গুগল প্লে স্টোরের পরিবর্তে এসব ওয়েবসাইট থেকে অ্যাপ নামিয়ে নেন। আর সেখানেই লুকিয়ে থাকে বিপদ।
ব্যবহারকারী যখন ভুয়া অ্যাপ ডাউনলোড করতে যান, তখন তার সামনে গুগলের নিরাপত্তা সতর্কবার্তার মতো দেখতে একটি বার্তা দেখানো হয়। সেটিকে আসল মনে করে অনুমতি দিলেই ফোনে প্রবেশ করে ‘রকারোলা’ নামের ক্ষতিকর ম্যালওয়্যার।
একবার ফোনে প্রবেশ করতে পারলে এই ম্যালওয়্যার ২১৭টিরও বেশি ব্যাংকিং ও আর্থিক সেবার অ্যাপকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। এটি ব্যাংকের নকল প্রবেশপথ তৈরি করে ব্যবহারকারীর নাম, গোপন সংকেত ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নেয়।
শুধু তাই নয়, এই ম্যালওয়্যার ফোনের লক খোলার তথ্য সংগ্রহ করতে পারে, যোগাযোগ তালিকা হাতিয়ে নিতে পারে এবং ফোনে লেখা বিভিন্ন তথ্যও গোপনে রেকর্ড করতে সক্ষম। এমনকি ব্যাংক থেকে পাঠানো সতর্কবার্তা বা প্রতারণা সংক্রান্ত ফোনকলও বাধাগ্রস্ত করতে পারে। ফলে ব্যবহারকারী কিছু বুঝে ওঠার আগেই তার ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা।
বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ থাকতে হলে সবসময় সরকারি ও নির্ভরযোগ্য অ্যাপ স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোর বা স্যামসাংয়ের নিজস্ব অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো অপরিচিত ওয়েবসাইট থেকে অ্যাপ নামানো উচিত নয়।
এছাড়া ফোনে নিরাপত্তা ব্যবস্থা চালু রাখা, সন্দেহজনক সতর্কবার্তা যাচাই ছাড়া অনুমতি না দেওয়া এবং প্রয়োজন হলে নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তারা।
প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে প্রতারকদের কৌশলও বদলাচ্ছে। তাই অ্যাপ ডাউনলোডের সময় একটু বেশি সতর্ক থাকাই পারে আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব ও ডিজিটাল সম্পদকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে। সূত্র: প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটার ও সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়াম
পিএনএস/রাআ
এই অ্যাপের ফাঁদে পড়লেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
26-06-2026 02:20AM

