হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে আঘাত, বাহরাইনে ড্রোন হামলা

  27-06-2026 06:29PM

পিএনএস ডেস্ক: হরমুজ প্রণালীতে নতুন করে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বেড়েছে। ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার পর এ ঘটনা দুই দেশের সাম্প্রতিক সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

শনিবার (২৭ জুন) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হেনেছে। জাহাজটির ক্যাপ্টেন হামলার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

ক্যাপ্টেনের বরাতে ইউকেএমটিও জানায়, অজ্ঞাত বস্তুটি ট্যাংকারটির কমান্ড সেন্টারে আঘাত করে। তবে এ ঘটনায় জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন এবং পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলার কারণ ও উৎস শনাক্তে তদন্ত চলছে।

এর আগে ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় সামরিক হামলা চালায়। এর জবাবে ইরানও মার্কিন স্বার্থসংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়।

এদিকে বাহরাইন অভিযোগ করেছে, শনিবার সকালে ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি বাহরাইনের ভৌগোলিক অখণ্ডতা ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে আরো বলা হয়, ইরান একাধিক ড্রোন ব্যবহার করলেও সেগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। হামলায় সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে এবং অঞ্চলজুড়ে উত্তেজনা প্রশমনের চলমান প্রচেষ্টাও বাধাগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে বাহরাইন।

হরমুজ প্রণালীতে ধারাবাহিক হামলা এবং আঞ্চলিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব ঘটনার ফলে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কার্যকর রাখা আরো কঠিন হয়ে উঠতে পারে।

সূত্র: আল জাজিরা

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন