রাশিয়ার প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের হামলা

  04-07-2026 11:02PM

পিএনএস ডেস্ক: রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের একটি প্রধান তেল টার্মিনালে গত রাতে ইউক্রেন হামলা চালিয়েছে। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। তিনি এটিকে ‘রাশিয়ার যুদ্ধের জন্য রাজস্ব সৃষ্টিকারী একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো’ হিসেবে বর্ণনা করেছেন।

ইউক্রেন জানিয়েছে, এই অঞ্চলে অবস্থিত রাশিয়ার একটি প্রধান নৌঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।

সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেক্সান্দর বেগলোভ বলেছেন, শহরটি একটি ‘ব্যাপক’ ড্রোন হামলার শিকার হয়েছে এবং তেল টার্মিনালটিতে হামলার কথা স্বীকার করেছেন। তিনি কোনো হতাহতের খবর দেননি। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর ওপর দূরপাল্লার ড্রোন হামলা তীব্রতর করেছে, যার ফলে ব্যাপক জ্বালানি সংকট দেখা দিয়েছে। কিয়েভ বলছে, এর ফলে রাশিয়ার প্রায় ৪৩ শতাংশ তেল শোধনাগার ‘অচল’ হয়ে পড়েছে।

এই দাবিটি স্বাধীনভাবে যাচাই করা হয়নি বলে জানিয়েছে বিবিসি।

ইউক্রেনের মতে, রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনাগুলো বৈধ লক্ষ্যবস্তু। কারণ মস্কো তার যুদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য জীবাশ্ম জ্বালানি রপ্তানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে ইউক্রেনের হামলার কারণে সৃষ্ট জ্বালানি ঘাটতির এক বিরল স্বীকারোক্তি দিয়েছিলেন। শনিবার অভ্যন্তরীণ জ্বালানি বাজারে সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে একটি বিলে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করেছেন।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন