পিএনএস, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাস ও ফলবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কার্তিক (৫৮) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নদোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কার্তিক লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার নন্দী গ্রামের গণক ঠাকুর বাড়ির বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আল বারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ফলবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফল ব্যবসায়ী কার্তিক নিহত হন। এ দুর্ঘটনায় আহত দুইজনের মধ্যে হৃদয় নামে একজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কবির হোসেন বলেন, বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিএনএস/এএ
নোয়াখালীতে বাস-পিকআপের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু
09-07-2026 10:23PM

