বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবসে নাগরিক সচেতনতার তাগিদ

  09-07-2026 08:12PM

পিএনএস, বগুড়া প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় নাগরিক সচেতনতার তাগিদ দিয়েছেন বক্তারা।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে পরিবেশ দিবসের কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। সার্বিক কার্যক্রম উপস্থাপনা করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াছমিন।

বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, বগুড়ার সিভিল সার্জন ডা. খুরশীদ আলম। স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়ার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ ও আগামীর নিরাপত্তা, প্রতিপাদ্যে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় এবং বগুড়া জেলা কার্যালয় যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করে। এতে প্রশাসনের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, সচেতন নাগরিক সমাজ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, জেলা স্কাউট, রোভার সদস্যসহ শিক্ষার্থীরা অংশ নেন। সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও ফলজ-ভেষজ বৃক্ষ বিতরণ করা হয়।

নাগরিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় নিজেদের ঘর ও আঙিনা পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। নিজের পাড়া মহল্লা পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই সামগ্রিকভাবে শহর, জেলাসহ পুরো দেশকে পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখা সম্ভব।

বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ দূরদর্শী পরিকল্পনা। পরিবেশের ভারসাম্য রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ। কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে। বাড়ির আঙিনায় অন্ততপক্ষে একটি করে হলেও ফল, বনজ বা ঔষধি গাছের চারা রোপণের আহ্বান জানান।

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন বলেন, মানুষের অনিয়ন্ত্রিত ও বিলাসী জীবনযাত্রার কারণে পাহাড় কাটা, নদী-সাগরের গতিপথ রুদ্ধ করাসহ যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, খাল খনন ও ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে প্রতিটি নাগরিকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন।

পিএনএস/এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন