হাজারীবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

  22-07-2026 12:00PM

পিএনএস ডেস্ক: রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের রাস্তায় হামলার শিকর হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে মারা যান সাগর।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশাচালক ইব্রাহিম বলেন, ‍“আমি কাজ শেষে রিকশা গ্যারেজে রাখার জন্য যাচ্ছিলাম। এ সময় হাজারীবাগ পার্কের পাশে মন্দিরের গলিতে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। স্থানীয়দের সহযোগিতায় ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আমার মাধ্যমে ওই যুবককে হাসপাতালে পাঠানো হয়। রাত আড়াইটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক যুবককে ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। ভোরের দিকে মারা যান তিনি।”

নিহতের ভাই মোহাম্মাদ শাওন জানান, “আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসে ভাইয়ের মরদেহ দেখতে পাই। কে বা কারা আমার ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে এ বিষয়ে আমরা কিছুই বলতে পারছি না।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মাদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।”


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন