সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাবো: পাটওয়ারী

  12-07-2026 09:00PM

পিএনএস ডেস্ক: সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ও শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটনো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে খুনি হাসিনা ১৪০০ লোককে হত্যা করে পালিয়ে গিয়েছে। তার আমরা এখনো বিচার করতে পারি নাই। অনেক মেনন, ইনু, সন্ত্রাসী যারা আছে দীপু মনি—তারা এখন জেলে আছে। তাদেরকে আমরা বিচারের কাঠগড়াতে দাঁড় করাতে চাই।

তিনি বলেন, আবু সাঈদের রক্তের বিচার করতে চাই। এই বিচার চাওয়া কি আমাদের অপরাধ? না তাহলে যারা চিল্লাচিল্লি করতেছে মিডিয়াতে, বিভিন্ন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এত গরম দেখায়েন না। আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাইবেন—বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাইবেন না।

এনসিপির এই নেতা বলেন, আমরা যথেষ্ট ভদ্র আচরণ করতেছি, কারণ আমরা একটা সভ্য বাংলাদেশ গড়তে চাই, সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ দাঁড় করাতে চাই। এই সুযোগে কেউ যদি বেশি লাফ দেওয়া শুরু করেন, কিভাবে টেনে নামাইতে হয় আমাদের জানা আছে। আপনাদের যে ভূত এসেছে রামভূত, দিল্লির ভূত, এই চাঁদাবাজির ভূত আমরা ইনশাআল্লাহ নামিয়ে ফেলব।

তিনি বলেন, উপরে আল্লাহ আছে। যেই ধর্মই আমরা মানি না কেন, আমরা বিশ্বে শান্তি চাই। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে কাউকে ভয় পাই না। দক্ষিণবঙ্গে বন্যা হচ্ছে, ৩৯ জন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের একটা মন্ত্রণালয় রয়েছে—ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। এই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তাকে শুধু ইলেকশনের আগেই খুঁজে পাওয়া গিয়েছে। ইলেকশনের পরে এই বন্যাকবলিত মানুষের মধ্যে তাকে একদিনও আমরা দেখতে পাই নাই। টিভি স্ক্রিনে দেখতে পেয়েছেন আপনারা? এরা হলো জাতির মহাপ্রতারক। ইলেকশনের আগে আপনাদের কাছে আসবে—'আমি এইটা করব, সেইটা করব, ওইটা করব, উন্নয়ন করব।' ইলেকশনের পরে এদেরকে পাওয়া যায় নারীর সাথে, মদের আড্ডায়। এরা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিতে ব্যস্ত।

তিনি আরও বলেন, ভারতে যারা গেরুয়া সন্ত্রাস বিজেপি, আরএসএস যে গুন্ডা বাহিনী আমরাও তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ৪৭-এ আজাদীর লড়াই করেছে, ৭১-এ যুদ্ধ করেছে, ৯০-এ করেছে, ২৪-এ করেছে—তোমাদের যত ষড়যন্ত্র, কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে কখনো বাস্তবায়ন হবে না। বাংলাদেশ স্বাধীন আছে, থাকবে। বাংলাদেশের মানুষ লড়ে যাবে, তবুও আমরা কখনোই ভারতের সেবাদাস বা গোলাম হব না।

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে এসময় এনসিপির কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ অন্যরা বক্তব্য রাখেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন