পিএনএস, বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের লতিফপুর কলোনী এলাকার সন্ত্রাসী আরিফ শেখ ওরফে বিহারি আরিফ হত্যা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযানে তিনজন এবং আত্মগোপনে থাকা একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। নৃশংস হত্যাকান্ডের রহস্য উন্মোচনে ছায়া তদন্ত চলছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ, র্যাব, ডিবি ও সিআইডি।
আজ রোববার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চারজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী। আলোচিত ঘটনার নেপথ্যের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মহল্লার গ্যাং নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার, ছিনতাই চাঁদাবাজির টাকা ভাগবাটোয়ারা, দলবাজি, অন্য কোনো আর্থিক লেনদেন বা পারিবারিক বিরোধ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
এরআগে, শুক্রবার রাতে বগুড়া মহানগরের লতিফপুর কলোনীর প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় নৃশংস হত্যাকান্ড ঘটে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা। নিহত আরিফ শেখ ওরফে বিহারি আরিফ (৩৫) কলোনী মহল্লার আব্দুল আজিজ শেখের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ হাফডজন মামলা রয়েছে।
আরিফ হত্যার ঘটনায় ১১জনকে আসামি করে শনিবার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তিনজন ও র্যাবের হাতে একজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা লতিফপুর কলোনী ও চকফরিদ জামিল মাদ্রাসা গেট এলাকার বাসিন্দা। তবে কারও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, চাঞ্চল্যকর হত্যাকান্ডের ২৪ ঘন্টার ব্যবধানে আত্মগোপনে থাকা আসামি গ্রেপ্তার করা হয়। নয়ন মিয়া (২৪) লতিফপুর কলোনীর আলাউদ্দিন আলোর ছেলে। নৃশংস ঘটনার রহস্য উন্মোচনে তদন্ত ও হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, র্যাবের হাতে গ্রেপ্তার নয়নকে ঘিরে প্রশ্ন না উঠলেও পুলিশের অভিযানে গ্রেপ্তার তিনজনকে নির্দোষ দাবি করা হয়েছে। আজ রোববার বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন চকফরিদ মহল্লার বাসিন্দা শিশির আক্তার। লিখিত বক্তব্য তিনি বলেন, আমার শ্বশুর আব্দুল খালেক বাদল, স্বামী তরিকুল ইসলাম তারেক এবং দেবর আকাশ হোসেন সম্পূর্ণ নির্দোষ। তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সন্ত্রাসী আরিফ শেখ হত্যা মামলায় অন্যায়ভাবে শ্বশুর ও দেবরকে পুলিশ তুলে নিয়ে গেছে। গ্রেপ্তার কেউ তদন্তে নির্দোষ হলে দায়মুক্তি মিলবে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী।
পিএনএস/এএ
বগুড়ায় সন্ত্রাসী বিহারি আরিফ হত্যা মামলায় গ্রেপ্তার ৪
12-07-2026 07:02PM

