নীলফামারীতে ট্রাকচাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪

  12-07-2026 06:28PM

পিএনএস, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত তিন চাকার যানের (মিথিলা) মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাঙ্গামটুকপুর-বোড়াগাড়ী নদীয়া পাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নদীয়াপাড়া গ্রামের ওলি বর্ম্মনের ছেলে ভ্যান চালক পরিমল বর্মন (৪০), তার ছোট ভাই প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা বর্মন (৩০), প্রতিমার মেয়ে বিপাশা বর্মন (৮) ও ছেলে যাদব বর্মন (৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারটি ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মোড়ালের ডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে যাচ্ছিল।

এ সময় জলঢাকা থেকে ডোমারের দিকে আসা একটি দ্রুতগতির ট্রাক একবট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে ভ্যানের চালকসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং দুজন আহত হন।

খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে নিহত ও আহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লা হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন