পিএনএস ডেস্ক: আরনে স্লটকে বরখাস্ত করার পর তুমুল আলোচনা ছিল, কাকে কোচ হিসেবে নিয়োগ দেবে লিভারপুল। আলোচনা এবং গুঞ্জনে নাম ছিল কয়েকটি। সবচেয়ে বেশি গুঞ্জন ছিল বোর্নমাউথের স্প্যানিশ কোচ অ্যান্দোনি ইরাওলার নামে। অবশেষে সেটাই সত্যি হলো।
ইংলিশ জায়ান্ট লিভারপুলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইরাওলাকেই। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে অল রেডরা। আরনে স্লটকে বরখাস্ত করার পরই স্প্যানিশ এই কোচকে দায়িত্ব দেওয়া হলো অ্যানফিল্ডের ডাগআউটে।
গত তিন মৌসুমে বোর্নমাউথের দায়িত্বে দারুণ সাফল্য পাওয়ার পর এবার লিভারপুলে যোগ দিলেন ৪৩ বছর বয়সী ইরাওলা। তার অধীনে গত মৌসুমে প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থান অর্জন করেছিল বোর্নমাউথ, যা ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা অর্জন।
ইএসপিএনের তথ্য অনুযায়ী, লিভারপুলের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ইরাওলা। ছোট মেয়াদের চুক্তিতে কাজ করার ব্যাপারে নিজের ক্যারিয়ারে বরাবরই আগ্রহী ছিলেন তিনি।
ক্লাবের ওয়েবসাইটে দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় ইরাওলা বলেন, `লিভারপুলের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য খুব বেশি কিছু লাগে না। লিভারপুল মানেই লিভারপুল।‘
তিনি আরও বলেন, `এখানকার পরিবেশ, সমর্থক, ক্লাবের ইতিহাস, খেলোয়াড়রা, শিরোপার জন্য লড়াই করার সুযোগ- সবকিছুই অসাধারণ। বিশ্বের সেরা মানের খেলোয়াড়দের কোচিং করানোর সুযোগ পাওয়া যে কোনো কোচের জন্যই বড় ব্যাপার। আমি কাজ শুরু করতে মুখিয়ে আছি।‘
আর্নে স্লটকে গত শনিবার দায়িত্ব থেকে সরিয়ে দেয় লিভারপুল। ২০২৪-২৫ মৌসুমে নিজের প্রথম বছরেই দলকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিয়েছিলেন সাবেক ফেইনুর্ড কোচ। তবে চলতি মৌসুমে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। লিগে পঞ্চম স্থানে থেকে শেষ করে লিভারপুল, ফলে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগেও জায়গা হয়নি দলটির।
সূত্র জানিয়েছে, স্লটের বিদায়ের পর খুব দ্রুতই লিভারপুলের প্রথম পছন্দ হয়ে ওঠেন ইরাওলা। এমনকি কোচ নিয়োগ প্রক্রিয়ায় তিনিই ছিলেন একমাত্র সাক্ষাৎকার দেওয়া প্রার্থী।
লিভারপুলের সঙ্গে ইরাওলার সম্পর্কের সূত্র অবশ্য নতুন নয়। খেলোয়াড়ি জীবনে একসময় তাকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল অলরেডরা। এছাড়া রায়ো ভায়েকানোর কোচ থাকাকালীন প্রায় চার বছর আগেই তাকে সম্ভাব্য দীর্ঘমেয়াদি কোচ হিসেবে মূল্যায়ন করেছিল ক্লাবটি, বিশেষ করে ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি ভাবনায়।
বোর্নমাউথে ইরাওলার কাজেও মুগ্ধ ছিল লিভারপুল কর্তৃপক্ষ। তুলনামূলক কম বাজেট ও সীমিত সম্পদ নিয়েও দলটিকে প্রিমিয়ার লিগের অন্যতম আক্রমণাত্মক ও উপভোগ্য দলে পরিণত করেছিলেন তিনি।
খেলোয়াড়দের উন্নত করার ক্ষেত্রেও তার সুনাম রয়েছে। বিশেষ করে আক্রমণভাগের ফুটবলারদের পারফরম্যান্স বাড়ানোর ক্ষেত্রে তিনি দক্ষ। তার উচ্চ গতির, প্রেসিংনির্ভর ফুটবল দর্শনের সঙ্গে গত এক দশকে লিভারপুলের সফল স্টাইলেরও মিল রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
স্পেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন সাইপ্রাসের ক্লাব এইকে লারনাকায়। পরে স্পেনের মিরান্দেস ও রায়ো ভায়েকানোর দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে বোর্নমাউথের কোচ হিসেবে যোগ দেন তিনি।
মজার বিষয় হলো, তখন বোর্নমাউথে ইরাওলাকে নিয়োগ দিয়েছিলেন রিচার্ড হিউজ। বর্তমানে তিনিই লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টর এবং ইরাওলাকে অ্যানফিল্ডে নিয়ে আসার পুরো প্রক্রিয়াও তদারকি করেছেন তিনি।
পিএনএস/রাআ
নতুন কোচ নিয়োগ দিলো লিভারপুল
05-06-2026 01:25AM

