দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

  12-06-2026 03:21AM

পিএনএস ডেস্ক: দুই দলের শক্তির পার্থক্য খুব ভালোমতোই ফুটে উঠল মাঠে। দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ জনের দলে পরিণত হওয়ার পর কোনো লড়াই-ই করতে পারল না দক্ষিণ আফ্রিকা। দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপে শুভসূচনা করল মেক্সিকো।

মেক্সিকো সিটির বিখ্যাত আসতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা।

ম্যাচের ৯ মিনিটে প্রথম গোলটি করেন মেক্সিকো ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস। প্রথমার্ধের শেষ দিকে গোল করার তিনটি সুযোগ নষ্ট করে মেক্সিকো।

ম্যাচের ৬৭ মিনিটে মেক্সিকোকে ২–০ গোলে এগিয়ে দেন রাউল হিমিনেজ।

এই ম্যাচে দু দলের তিনজন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। ২০২৬ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করার শাস্তি পান সিথোলে। এর ফলে বিরতি থেকে ফিরেই ১০ জনের দলে পরিণত হয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ৫০তম মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান সিথোলকে।

ম্যাচের ৮৪ মিনিটে আরেকটি লাল কার্ড দেখেছে দক্ষিণ আফ্রিকা। এবার আক্রমণ করতে গিয়ে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড পান মিডফিল্ডার থেম্বা জেওয়ানে। এরপর নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ২ মিনিটে লাল কার্ড দেখেছেন মেক্সিকোর সেজার মন্তেস।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন