পিএনএস ডেস্ক: ব্রাজিলকে বিশ্বকাপ জেতার জন্য ফেবারিটদের তালিকায় রাখছেন না দলটির গোলকিপার আলিসন বেকার। আবার ফেবারিট হিসেবে বিবেচিত হুয়ার কোনো বাড়তি সুবিধা নেই বলেও জানিয়েছেন তিনি। তবে দলের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।
চোটের সমস্যায় থাকা আলিসন নিউ জার্সিতে ব্রাজিলের টিম হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, নিজের তৃতীয় বিশ্বকাপ খেলার জন্য শতভাগ ফিট রয়েছেন তিনি।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও রানার্সআপ ফ্রান্সকে বেশি প্রস্তুত মনে হচ্ছে, এই প্রসঙ্গে টেনে ব্রাজিলের বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন করা হয় আলিসনকে। উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ‘কারও জন্যই কোনো নিশ্চয়তা নয় এবং এটি দলের ওপর বাড়তি চাপ তৈরি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথম ম্যাচের আগে দলের অবস্থা কেমন। আমরা প্রস্তুত।’
লতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে পঞ্চম হয়ে মূল পর্বে সুযোগ পেয়েছে ব্রাজিল। শেষ দুই ম্যাচে কোচ হিসেবে দায়িত্ব নেন কার্লোচ আনচেলত্তি। যেখানে জয় ও পরাজয় একটি করে। সে প্রসঙ্গে এই অভিজ্ঞ গোলকিপার বলেন, ‘শেষের এই চক্রটা কঠিন ছিল, আমরা সেটা গভীরভাবে অনুভব করেছি। কিন্তু আনচেলত্তি আসার পর থেকে সবকিছু ভালো হতে শুরু করেছে। তিনি দলের মধ্যে শক্ত উপস্থিতি এবং আমাদের শান্তভাবে কাজ করার সুযোগ দেন।’
৬৭ বছর বয়সী আনচেলত্তি প্রায় এক বছর ধরে ব্রাজিলের দায়িত্বে আছেন। তিনি জাতীয় দলের প্রথম বিদেশি কোচ। তার ফলাফল মিশ্র হলেও অনেকেই মনে করেন, বিশ্বকাপ জেতার পথে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আলিসন জানান, আনচেলত্তি বিশেষভাবে দলের রক্ষণভাগ উন্নত করার ওপর জোর দিচ্ছেন।
তিনি বলেন, ‘কিছু গোল এড়ানো যেত। আমরা সেটার ওপর কাজ করছি, কারণ বিশ্বকাপ ছোট টুর্নামেন্ট। আমাদের দলে গোল করার যথেষ্ট সুযোগ সবসময়ই থাকবে।’ তিনি আরও বলেন, ‘তিনি শুধু তিন বা তার বেশি বিশ্বকাপে খেলা ব্রাজিলিয়ান গোলরক্ষকদের তালিকায় নাম তুলতে চান না, বরং চ্যাম্পিয়নদের দলে যুক্ত হতে চান।’
ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে শনিবার ১৪ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে।
পিএনএস/রাআ
ব্রাজিলকে ফেবারিট মনে না করলেও আত্মবিশ্বাসী আলিসন
12-06-2026 11:30AM

