১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

  19-06-2026 12:10AM

পিএনএস ডেস্ক: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কুড়িগ্রাম–তিস্তা রেলপথে বালুবাহী ট্রাক উল্টে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে উপজেলার অদ্বিতীয়কানন ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় তিস্তা অভিমুখী একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের পাশের রেলিং ভেঙে লাইনের ওপর উঠে উল্টে পড়ে। এতে রেললাইনের প্রায় ৩০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার কারণে কুড়িগ্রাম এক্সপ্রেস ও রমনা কমিউটার ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি। সকালে ট্রেন ধরতে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে আসা যাত্রীরা ট্রেন চলাচল বন্ধের খবর পেয়ে বিপাকে পড়েন। জরুরি প্রয়োজনে ঢাকাগামী ও অন্যান্য যাত্রীদের বিকল্প হিসেবে অটোরিকশা, বাস ও অন্যান্য যানবাহনে তিস্তা রেলওয়ে স্টেশনে যেতে দেখা যায়। এতে অনেককে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি।

দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার ও সংস্কার কার্যক্রম শুরু করে। দুপুর ১টা ৪০ মিনিটে লালমনিরহাট থেকে আসা রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ট্রাক অপসারণ এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শুরু করে।

দীর্ঘ প্রচেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সারাদিন তিস্তা স্টেশনে আটকে থাকা রমনা কমিউটার ট্রেন রাজারহাট হয়ে কুড়িগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। এরপর ধীরে ধীরে কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

লালমনিরহাট রিলিফ ট্রেনের ইনচার্জ রাশেদুল হাসান জানান, দুপুর ১টা ৪০ মিনিটে কাজ শুরুর পর সন্ধ্যা পর্যন্ত কাজ করে ট্রেন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন