পিএনএস ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (২৩ জুন)। এদিন দলটি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যাতে দেশের কোথাও কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে প্রশাসনের রয়েছে কড়া নজরদারি। সক্রিয় রয়েছে সরকারি দলসহ বিরোধী দলগুলোও।
ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ ছয় জেলায় সেনা মোতায়েন
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যেকোনো নাশকতা ঠেকাতে ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার।
সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেনা বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ দায়িত্ব পালন করবে।
এছাড়া পতিত দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানী ঢাকায় ১৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
সোমবার তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীজুড়ে ২০০টির বেশি কৌশলগত জায়গায় পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। একই সঙ্গে মহানগরের সবকটি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে।
প্রতি জেলায় বিক্ষোভের ডাক এনসিপির
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে (মঙ্গলবার) দলটির যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে জুলাই বিপ্লবীদের গঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২২ জুন) সন্ধ্যা সোয়া সাতটার দিকে এনসিপির ফেসবুক পেইজ থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা সকল জেলা শহর ও মহানগর এলাকার নেতাকর্মীদের দেওয়া হয়।
নির্দেশনায় এনসিপি লিখেছে, ‘স্বৈরাচারি পতিত আওয়ামী লীগ সরকার কর্তৃক সংঘটিত সকল গুম, খুন এবং গণহত্যার বিচার নিশ্চিতের দাবিতে জাতীয় ছাত্রশক্তির সারাদেশের জেলা ও মহানগরসহ সকল শাখা কমিটিকে আগামী ২৩ জুন বিকেল ৫টায় স্ব স্ব জেলা শহর ও মহানগর এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হলো।’
কর্মসূচি দিয়েছে ১১ দলও
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় রাজধানীর বিজয় নগরে সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
জুলাই গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে সোমবার (২২ জুন) এক প্রেস ব্রিফিংয়ে জানান ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।
দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান ইসলামী আন্দোলনের
২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশ ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগোচ্ছে। দেশ পুনর্গঠনের কাজ চলমান থাকায় এ সময়ে নতুন কোনো অস্থিরতা জাতি প্রত্যাশা করে না।
সোমবার (২২ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কার কথা বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।
এ প্রেক্ষাপটে জনগণের পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।
ছাত্রলীগকে প্রতিহতের ঘোষণা ঢাকা কলেজ ছাত্রদলের
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগকে প্রতিহতের ঘোষণা দিয়েছে ছাত্রদল ঢাকা কলেজ শাখা।
সোমবার (২২ জুন) বিকেল ৪টায় কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হলপাড়া প্রদক্ষিণ করে বকুল চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা, হুঁশিয়ার সাবধান’ এবং ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।
সারাদেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা গণঅধিকার পরিষদের
আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। একই সঙ্গে ২৩ জুন সারাদেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
সোমবার (২২ জুন) রাত ৮টায় রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে দলটির নেতারা বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে, তা কঠোর হাতে প্রতিরোধ করা হবে। এ বিষয়ে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে বলে জানান তারা।
১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নিজেদের শক্তিমত্তা জাহিরের চেষ্টা করছে দলটি। বিক্ষিপ্তভাবে মিছিল বের করে বিভিন্ন জায়গা থেকে এরইমধ্যে বেশ কয়েকজন আটক হয়েছেন।
আশঙ্কা করা হচ্ছে, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সে নৈরাজ্য মোকাবিলার আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসনসহ পতিত দলটির বিরোধী শক্তিগুলো। ফলে আপাতত ২৩ জুনের দিকে নজর সবার।
পিএনএস/এমএইউ
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে প্রশাসনের কড়া নজরদারি
23-06-2026 11:04AM

