বিস্ফোরক লাইসেন্স বিহীন যত্রতত্র গ্যাস ও জ্বালানী তেল বিক্রি

  25-01-2018 05:20PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় সরকারি অনুমতির তোয়াক্কা না করে সিলিন্ডার গ্যাস ও জ্বালানী তেল বিক্রি হচ্ছে। ব্যবসায়ে নেই কোনো নিয়ন্ত্রণ। সিলিন্ডার গ্যাস ও জ্বালানী তেল ব্যবসায় বিস্ফোরক লাইসেন্স আবশ্যক। অথচ বিষ্ফোরক লাইসেন্স ছাড়া যত্রতত্র বিক্রি হচ্ছে জ্বালানী তেল ও গ্যাস। যে যার মতো দামে বিক্রি করছে জ্বালানী গ্যাস ও তেল। ফলে বিব্রত হচ্ছেন গ্রাহকরা।

অন্যদিকে দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী বিস্ফোরক লাইসেন্স ছাড়াই খুলে বসেছেন সিলিন্ডার গ্যাস ও জ্বালানী তেলের ডিলারশীপ। যার কোনো বৈধতা না থাকলেও প্রকাশ্যেই তারা করে যাচ্ছেন এ ঝুঁকিপূর্ণ ব্যবসা। ফলে নিয়ম ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে মজুদ হচ্ছে গ্যাসের সিলিন্ডার ও জ্বালানী তেল। এসব অবৈধ ডিলাররাই গ্যাস ও তেলের বাড়তি দাম, তেলে ভেজাল ও ওজনে কারচুপিসহ নানা অপকর্ম করে চলেছে অহরহ। খোঁজ নিয়ে জানা যায়, পাইকগাছা পৌরসদর, বাণিজ্যিক উপশহর কপিলমুনিসহ অন্যান্য বাজারে প্রায় শতাধিক গ্যাসের ডিলারসহ বিক্রেতা অবৈধভাবে লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন। শুধু তাই নয়, পানের দোকান, চায়ের দোকান, মুদি দোকান, হাড়ি পাতিলের দোকান সাথেও রয়েছে এলপি গ্যাস ও পেট্রোল-ডিজেল বিক্রির ব্যবসা।

এসব দোকানিদের বিস্ফোরক লাইসেন্স নেই। দেশের সরকারি নিয়ম অনুযায়ী যে লাইসেন্স ছাড়া গ্যাস ও জ্বালানী তেল বিক্রি নিষিদ্ধ। কেবলমাত্র লাইসেন্সের ভিত্তিতেই গ্যাস ও জ্বালানী তেল বিক্রির অনুমতি পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্বালানী গ্যাস ও তেল বিক্রেতা বার্তাসংস্থা পিএনএসকে জানান, অনেক সময় সাইনবোর্ড দেখে বোঝা যায়, কোন ডিলার বৈধ আর কোন ডিলার অবৈধ। বৈধ ডিলারের সাইনবোর্ডে বসুন্ধরা, পদ্মা, মেঘনা, যমুনাসহ নানা ধরনের গ্যাস কোম্পানির নাম লেখা থাকে।

কিন্তু অনুমোদনহীন অবৈধ ডিলারে সাইনবোর্ডে এসব নাম থাকে না। লাইসেন্স ছাড়া কিভাবে এসব অসাধু ব্যবসায়ীরা গ্যাস ও তেল বিকিকিনি করছেন এমন প্রশ্নে তিনি বলেন, কপিলমুনি সদরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক গ্যাস ও তেল বিক্রেতার অনুমোদন নেই। এসব অসাধু ব্যবসায়ীরা গ্যাস ও তেল বিক্রির অনুমতি নিয়েছে প্রচার করে অবৈধভাবে ব্যবসা চালাচ্ছেন। সরকারি নিয়মনীতি অনুযায়ী ট্রেড লাইসেন্স বা ফায়ার সার্ভিসের অনুমতি নিয়ে কেউ গ্যাসের ডিলার হতে পারে না। জ্বালানী তেল বা গ্যাস বিক্রির অনুমতির জন্য এ লাইসেন্সগুলো যথাযথ নয়। জ্বালানী তেল ও গ্যাসের ডিলারের মূল ভিত্তি হলো বিস্ফোরক লাইসেন্স। অথচ এসব লাইসেন্স বিহীন অবৈধ ডিলার বা দোকানীরাই বাড়তি দামে গ্যাস বিক্রিসহ নানা অপকর্ম করছেন কিন্তু তা যেন দেখার কেউ নেই বলে অভিযোগও রয়েছে। যার দায়ভার অনেক সময় বৈধ ডিলারদেরকেই নিতে হচ্ছে।

অনুমোদন বিহীন প্রতিষ্ঠানে পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাস বিক্রি সম্পূর্ণভাবে আইনত নিষিদ্ধ। প্রতিটি জ্বালানী তেল বা জ্বালানী গ্যাসের দোকানে অগ্নিনির্বাপক যন্ত্র রাখা প্রয়োজন। তাই যারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ ব্যবসার সঙ্গে জড়িত অবিলম্বে তাদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক বলে মনে করেন সুধীজনরা। জননিরাপত্তার স্বার্থে জ্বালানী তেল ও সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীদের সরকারি বিধি বিধান মেনে জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাস বিক্রির অনুরোধ জানিয়েছেন সচেত নাগরিক সমাজ।

পাশাপাশি বিষ্ফোরক অধিদফতর এবং পরিদর্শকের লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের জরুরী হস্তক্ষেপও কামনা করেছেন তারা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন