ফুটবল খেলাকে কেন্দ্র করে রণক্ষেত্র ভৈরব, ট্রেন আটকা

  05-06-2026 03:00AM

পিএনএস ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রেলওয়ে স্টেশন এলাকা। এ ঘটনায় পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া কয়েকটি ট্রেন আটকেপড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পুলিশ সদস্য সাইফুল ইসলাম ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য মো. মুছা মিয়া।

জানা গেছে, ভৈরব শহরের পঞ্চবটি ও জগন্নাথপুর এলাকার মধ্য ১৫ দিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এই ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেলে ভৈরব স্টেশন প্ল্যার্টফম এলাকায় জগন্নাথপুর এলাকার সোহেল মিয়ার ছেলে লিয়ামকে মারধর করেন পঞ্চবটি এলাকার লোকজন। পরে মারধোরের ঘটনায় জগন্নাথপুর ও পঞ্চবটি এলাকার লোকজন সংঘর্ষে লিপ্ত হন।

সংঘর্ষে পুলিশ, আরএনবি সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। এসময় ভৈরব স্টেশনের অদূরে দৌলতকান্দি স্টেশন এলাকায় কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর, ভৈরব রেলওয়ে সেতু এলাকায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস, পারবত এক্সপ্রেসসহ বিভিন্ন আন্তঃনগর ট্রেন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন কয়েক শতাধিক ট্রেনযাত্রী।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদ আহমেদ জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্টেশন এলাকায় একাধিক আন্তঃনগর ট্রেন আটকা পড়ে কয়েকশ যাত্রী ভোগান্তিতে পড়েন। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী কাজ করছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন