ঢাকায় চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালী থেকে উদ্ধার

  03-07-2026 12:01AM

পিএনএস ডেস্ক: ঢাকার দিয়াবাড়ি ল্যান্ডিং স্টেশন থেকে চুরি হওয়া ‘তুরাগ কিং’ নামের একটি পর্যটন বোট পটুয়াখালী থেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে বোটে থাকা দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, রোববার (২৮ জুন) সকালে ঢাকার দিয়াবাড়ি ল্যান্ডিং স্টেশন থেকে ‘তুরাগ কিং’ নামের পর্যটন বোটটি চুরি হয়। এ ঘটনায় বোটের মালিক গাবতলী নৌ-পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন। পরে তিনি জানতে পারেন, সন্দেহভাজন ব্যক্তি পটুয়াখালীতে অবস্থান করছেন। এরপর মালিকপক্ষ কোস্ট গার্ডের সহায়তা চাইলে উদ্ধার অভিযানের উদ্যোগ নেওয়া হয়।

বুধবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালে বোটটিকে থামার সংকেত দেওয়া হলে তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে লেবুখালী ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকা থেকে পর্যটন বোটটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে অভিযানের সময় বোটে থাকা দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া পর্যটন বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান বলে জানেয়েছে কোস্ট গার্ড।



পিএনএ/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন