পিএনএস ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছেন। এছাড়া আরেক ভাইসহ আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার শানখলা ইউনিয়ন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ গোরামী মির্জাপুর গ্রামের মৃত মকছুদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ মিয়া (৪৫) ও মো. আব্দুল আজিজ (৪০)। আহত অবস্থায় তাদের আরেক ভাই মো. আবু তালিব ও একই এলাকার মৃত আব্দুর রহমান ছেলে মোহাম্মদ নুরুল হককে (৪৪) সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শানখলা ইউনিয়ন অফিসের সামনে বাঁশের খুঁটি দিয়ে বৈদ্যুতিক তারে সংযোগ দেওয়ার কাজ করছিলেন দুই ভাই।
এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তারা। তাদেরকে বাঁচাতে আরেক ভাই মো. আবু তালিব ও নুরুল হক এগিয়ে গেলে তারাও গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আব্দুল্লাহ মিয়া ও আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাঁশের খুঁটি দিয়ে বৈদ্যুতিক তারে সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে।
পিএনএ/রাআ
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই ভাই নিহত
03-07-2026 12:44AM

