পিএনএস, চাঁদপুর প্রতিনিধি: দখল দূষনে অস্তিত্ব সংকটে পড়েছে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাপলোলা খাল। শত বছর পূর্বে খননকৃত প্রায় ১৭ কিলোমিটার দৈর্ঘের এ খাল বরুড়া উপজেলার নাগির পাড় থেকে শুরু হয়ে কচুয়া উপজেলার বানিজ্যিক কেন্দ্র নামে খ্যাত রহিমানগর বাজারের মাঝ দিয়ে উপজেলার পশ্চিম সীমান্তে বেলঘরের নিকট হাজীগঞ্জের ডাকাতিয়া ও মতলবের ধনাগোদা নদীর সাথে সংযুক্ত বোয়ালজুড়ি খালের সাথে মিশেছে। তাই এ খাল অতীব গুরুত্বপূর্ণ।
বর্তমানে স্থানীয় প্রভাবশালীরা স্থানে-স্থানে অবৈধ স্থাপনা নির্মাণ করে দখল করে নিয়েছে খালের অংশ। তদুপরি বাজার এলাকা সহ বিভিন্ন পয়েন্টে ময়লা-আবর্জনা ফেলায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে খালের পানি। এতে বাড়ছে পানি বাহিত বিভিন্ন রোগ বালাই, নষ্ট হচ্ছে জীব বৈচিত্র, বিপন্ন হচ্ছে পরিবেশ। ঠিকমতো পানি নিস্কাশন না হওয়ায় অল্প বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। জলাবদ্ধতা সৃষ্টির কারনে বিনষ্ট হয় ফসল ও পানি বন্ধিতে লোকজনদেরকে চরম দূর্ভোগের শিকার হতে হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রহিমানগর বড় বানিজ্যিক বাজার হওয়ায় খালের দুপাশে কেউ নির্মাণ করছে টিনের ঘর কেউবা নির্মাণ করছে বহুতল ভবণ ও আর সিসি পিলার ঢালাই করে পাকা দোকান। খাল জুড়ে চলছে দখলের প্রতিযোগিতা। একের পর এক খালটি দখল করায় সংকুচিত হযে কোথাও সরু ড্রেন আবার কোথাও সেটির অস্তিত্ব খুঁজে পাওয়াই কষ্টকর হয়ে পড়েছে। দীর্ঘদিন থেকে দখল হয়ে যাওয়ায় খালটি এখন মরাখালে পরিনত হয়েছে। দখলের পাশাপাশি পঁচা-ময়লা আবর্জনায় সবচেয়ে বেশী দূষিত হচ্ছে রহিমানগর বাজার অংশে। বিশেষ করে বাজার অংশে ১শ গজের ব্যবধানে রয়েছে ২টি ব্রিজ। উক্ত বীজদ্বয় সংলগ্ন প্রতিদিন যথেচ্ছাভাবে ফেলা হচ্ছে দ্বিগুন পরিমান ময়লা আবর্জনা। এতে স্থানীয়দের মাঝে দেখা দিচ্ছে ডায়রিয়া সহ বিভিন্ন পানি বাহিত রোগ।
রহিমানগর বাজারের আব্দুল মতিন, নজরুল ইসলাম ও রুহুল আমিনসহ বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, প্রবাহমান সাপলোলা খালটি বানিজ্যিক ক্ষেত্রে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে এটি দখল দূষণে ভরাট হয়ে যাচ্ছে। অবৈধ দখল উচ্ছেদ পরিচালনা সহ খালটি পূণঃ খনন করা খুব্ই জরুরী।
কচুয়া উপেজলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল বলেন, উপজেলা জুড়ে খাল খননের কাজের জন্য তালিকা করা হয়েছে, পানি উন্নয়ন বোর্ড, দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় সরকার বিভাগ শিগগিরই খাল গুলো পূণঃ খনন করা হবে।
পিএনএস/এএ
দখল দূষনে অস্তিত্ব সংকটে পড়েছে কচুয়ার ঐতিহ্যবাহী সাপলোলা খাল
06-07-2026 09:42PM

