পিএনএস ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অনন্তপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিন (৬০), তার স্ত্রী ফাতেমা বেগম (৫০) এবং তাদের ছেলে ফরহাদ মিয়া (৩৮)।
বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে অনন্তপুর গ্রামের একটি মুদি দোকানের টিনের চালের ওপর পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে। ওই সময় অসাবধানতাবশত দোকানের টিনের চাল স্পর্শ করলে প্রথমে ছেলে ফরহাদ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে ছটফট করতে দেখে বাঁচাতে এগিয়ে আসেন বাবা নুরুল আমিন। কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যান। পরবর্তীতে স্বামী ও সন্তানকে উদ্ধার করতে গিয়ে মা ফাতেমা বেগমও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনেই মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওয়াসিল উদ্দিন আহমেদ বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে নিহতদের স্বজন এবং পুরো এলাকায় শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণের বাতাস ভারী হয়ে উঠেছে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পিএনএস/এএ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো একই পরিবারের ৩ জনের
06-07-2026 09:14PM

