চা পাতার পরিবর্তে কীটনাশক, সাজেকে চা পান করে হাসপাতালে ১২

  07-07-2026 03:00AM

পিএনএস ডেস্ক: ‎রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের চম্পাতলী এলাকায় একটি চায়ের দোকানে ভুলবশত চা পাতার পরিবর্তে বিষাক্ত কীটনাশক দিয়ে প্রস্তুতকৃত চা খেয়ে অন্তত ১২ জন অসুস্থ হয়েছেন। গতকাল সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

‎‎অসুস্থদের মধ্যে কয়েকজন চা পান করার পর বমি করে অজ্ঞান হয়ে পড়েন এবং পেটব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, জুমের কাজ শেষে কয়েকজন শ্রমিক চম্পাতলী গ্রামের মহারাজ চাকমার চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় দোকানের এক কর্মচারী অসাবধানতাবশত চা পাতা মনে করে ধানক্ষেতে ব্যবহৃত ফুরাডন নামের বিষাক্ত কীটনাশক দিয়ে চা তৈরি করেন। সেই চা পান করার কিছুক্ষণ পরেই কয়েকজনের বমি, মাথা ঘোরা, পেটব্যথা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এর মধ্যে কয়েকজন অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে পড়েন।

‎‎অসুস্থদের মধ্যে প্রাথমিকভাবে যাদের পরিচয় জানা গেছে তারা হলেন, সমরজিৎ চাকমা, রাঙ্গা চাকমা, ছায়ারাণী চাকমা ও কুমার চাকমা। অন্যান্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‎‎রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসুস্থদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন