পিএনএস ডেস্ক: খুলনা-সাতক্ষীরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের সঙ্গে দুটি ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে খুলনা মহানগরের হরিণটানা থানাধীন পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের সনাতনকাঠি গ্রামের শেখ দিদারুল হক (৩০), তিনি মৃত শেখ ওবায়দুল হকের ছেলে এবং একই উপজেলার হরিদাসকাঠি এলাকার মৃত বিনোধর হোরের ছেলে তাপস হোর ওরফে সুনু হোর (৬০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক পল্লী বিদ্যুৎ সমিতির সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা আরেকটি ইজিবাইকও ট্রাকটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একটি ইজিবাইক ট্রাকের নিচে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। পরে ট্রাকটি সড়কের পাশে উল্টে পড়ে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক ইজিবাইকচালক ও এক যাত্রীর মৃত্যু হয়। আহত সাত থেকে আটজনকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে হরিণটানা ও লবণচরা থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে কেএমপির রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পিএনএস/এএ
খুলনায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২, আহত ৮
07-07-2026 10:39PM

