হান্নান মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ

  12-07-2026 03:03PM

পিএনএস ডেস্ক: নোয়াখালীর হাতিয়া-নলচিরা নৌপথে যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝনদী থেকে ঘুরিয়ে আবার ঘাটে ফিরিয়ে আনার অভিযোগ উঠেছে। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে ফেরিতে তোলার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করেছেন যাত্রীরা।

শনিবার (১১ জুলাই) বিকেলে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করা ফেরি মহানন্দার ক্ষেত্রে এ ঘটনা ঘটে।

ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম জানান, ফেরি ছাড়ার প্রায় ১০ মিনিট পর সংসদ সদস্যের আসার খবর পেয়ে সেটি আবার ঘাটে ফিরিয়ে আনা হয়। তিনি বলেন, সংসদ সদস্য ফোন করে ফেরিতে ওঠার বিষয়টি নিশ্চিত করতে বলেছিলেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই ফেরিটি ঘাটে ফেরানো হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী বেলা সাড়ে তিনটায় চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা করে ফেরিটি। প্রায় ২০ মিনিট চলার পর সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ ঘাটে পৌঁছালে তার নির্দেশে মেঘনা নদীর মাঝপথ থেকে ফেরিটি ঘুরিয়ে আনা হয়। পরে তিনি তার নেতা-কর্মীদের নিয়ে ফেরিতে ওঠেন এবং ফেরিটি পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।

বৈরী আবহাওয়ার মধ্যে হঠাৎ ফেরি ঘুরিয়ে আনার ঘটনায় সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। অনেকেই অভিযোগ করেন, একজন জনপ্রতিনিধির জন্য সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, সরকারি গুরুত্বপূর্ণ কাজে তার হাতিয়া যাওয়া জরুরি ছিল। তিনি দাবি করেন, ফেরিটি ঘাট থেকে খুব বেশি দূরে যায়নি এবং বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

ঘাট ইজারাদারের প্রতিনিধি মো. জহির উদ্দিন জানান, ফেরি ছাড়ার সময় নিয়ে কিছু বিভ্রান্তি থাকলেও প্রায় ২০ মিনিট পর সংসদ সদস্যকে তুলতে ফেরিটি ঘাটে ফিরিয়ে আনা হয়। হাতিয়ায় ফেরি চলাচল শুরুর পর এমন ঘটনা এই প্রথম বলে জানান তিনি।

এ ঘটনায় যাত্রীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেই নদী পার হচ্ছিলেন তারা। হঠাৎ ফেরি ঘুরিয়ে আনার কারণে আতঙ্ক তৈরি হয়। পরে জানতে পারেন, সংসদ সদস্যকে তোলার জন্যই ফেরিটি ফিরিয়ে আনা হয়েছে। তারা এ ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন