পিএনএস, বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরে মধ্যরাতে যুবককে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে একদল দুর্বৃত্ত। পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভতি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরের সেউজগাড়ি পার্করোড তিনমাথা মোড়ে গুলিবিদ্ধ হয় যুবক। আহত নুর মোহাম্মদ আলী (২৪) শহরের চকসূত্রাপুর মহল্লার নুরুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকেই পার্করোডে আতঙ্ক বিরাজ করছে।
গতকাল বুধবার বিকেলে গুলিবিদ্ধ যুবককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্বৃত্তদের শনাক্ত ও হামলার নেপথ্যের কারণ জানা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত যুবককে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। একটি গুলি তার পিঠে বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালে নিয়ে যায়। আহত যুবকের মধ্যরাতে সেউজগাড়ি পার্করোডে যাওয়া এবং গুলিবিদ্ধ হওয়ার ঘটনার ছায়া তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যুবকের পরিবারের দেওয়া তথ্য নিয়ে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ।
নাম প্রকাশে অনিচ্ছুক পার্করোডের এক বাসিন্দা বলেন, মধ্যরাতে চাপাতি, চাকুসহ ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় অপরাধীরা। জনশূন্য সড়ক ও গলিতে মাঝেমধ্যে ছিনতাই ঘটনা ঘটে। কর্মস্থল থেকে বাসায় যাওয়ার পথ অনিরাপদ হয়ে উঠছে। ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বাড়ি ফেরা মানুষও আতঙ্কের মধ্যে থাকেন।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা থেকে গভীর রাতে মহল্লার সড়ক, মোড়-গলিতে বহিরাগতদের আনাগোনা, চা দোকানে আড্ডা এবং মোটরসাইকেল নিয়ে দাপিয়ে বেড়ানো যুবকদের দৌরাত্ম ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। শহরজুড়ে সাদা পোশাকে তৎপর গোয়েন্দা পুলিশ। নিয়মিত চেকপোস্ট বসিয়ে অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশের পাশাপাশি রাতে গুরুত্বপূর্ণ সড়কসহ মহল্লায় টহল জোরদার করেছে র্যাব।
যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বগুড়া সদর থানা পুলিশের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্টেডিয়াম ফাঁড়ির কর্মকর্তা।
পিএনএস/এএ
বগুড়ায় যুবককে লক্ষ্য করে গুলি, পার্করোডে আতঙ্ক
15-07-2026 08:55PM

