পিএনএস ডেস্ক: বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক লিটন দাসের চোটে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তাওহিদ হৃদয়।
বুধবার (১৫ জুলাই) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিলে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ৬ বল হাতে থাকতেই ১৩৮ রানে অলআউট হয় টাইগাররা। এতে ৩২ রানের জয়ে টি-টোয়েন্টি সিরিজেও এগিয়ে গেল রোডেশিয়ানরা।
জবাব দিতে নেমে বাংলাদেশ প্রথমে হারায় সাইফ হাসানকে। খোলসবন্দী সাইফ ১৫ বলে রান করেন মোটে ১২। তানজিদ তামিম ৮ বলে ১৬ রান করলেও থিতু হতে পারেননি। পারভেজ হোসেন ইমন, অধিনায়ক তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান- প্রত্যেকেই ছিলেন মলিন।
প্রায় ৩ বছর পর একাদশে ফেরা ইয়াসির আলী এক প্রান্ত আগলে রেখে ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন, হাঁকান দুটি চার ও তিনটি ছক্কা। তবে তা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শেষদিকে ১৮ বলে ১৯ রান করেন শেখ মেহেদী হাসান। মাত্র ১৩৮ রানে গুটিয়ে গেলে ৩২ রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
এর আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি উড়ন্ত সূচনা এনে দেন জিম্বাবুয়েকে। ৯ বলে ১৪ রান করে মারুমানি বিদায় নিলেও বেনেট রানের চাকা সচল রাখেন।
ডিওন মেয়ার্স একপ্রান্ত আগলে রাখতে গিয়ে ২০ বলে ২০ রান করে বিদায় নিলে বোলারদের ওপর চড়াও হন অধিনায়ক সিকান্দার রাজা। ১৩ বলে ২০ রান করে তিনি সাজঘরে ফেরার আগে অবশ্য বেনেটকে বিদায় নিতে হয়।
তার আগে ৩০ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন এই ওপেনার। শেষদিকে ২৫ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন রায়ান বার্ল। ১০ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন ব্র্যাড ইভান্স।
পিএনএস/এএ
জিম্বাবুয়ের কাছে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশ
15-07-2026 08:43PM

