দিনাজপুরের সীমান্ত দিয়ে ৯ নারীকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

  25-07-2026 12:25PM


পিএনএস ডেস্ক: দিনাজপুরের ভাইগড় সীমান্ত দিয়ে ভারতীয় ৯ নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলা ভাইগড় সীমান্তে এ ঘটনা ঘটে।

ঘাসুড়িয় বিওপির কোম্পানি কমান্ডার টি আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার ভোরে ঘাসুড়িয়া সীমান্তের ওপারে ভারতীয় শ্রী রামপুর এলাকার ২৯১ পিলারের ২০-এস এলাকা দিয়ে তাদের পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বিজিবি সদস্য ও গ্রামবাসীর প্রতিহতের ফলে তাদের সরিয়ে নেয় বিএসএফ সদস্যরা। পরে সকাল সাড়ে সাতটার দিকে বিএসএফ সদস্যরা জড়ো হতে থাকেন। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। ফলে পুশইন চেষ্টা পণ্ড হওয়ায় তারা আবারও ভারতে ফিরে যায়।

স্থানীয় ষাটোর্ধ্ব আব্দুল আজিজ বলেন, ভোরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের বাঁশির শব্দ শুনে ঘুম থেকে উঠি। বাড়ি থেকে বাহিরে এসে দেখি ৯ জন মহিলা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এ সময় গ্রামবাসী তাদের প্রতিহত করে।

স্থানীয় কাটলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শুকুর আলী জানান, শনিবার ভোরে ভাইগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা ৯ জন নারীকে জোর করে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে। পরে গ্রামবাসী ও বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করেন। সকালে ওই এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতি বাড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে ভাইগড় বিওপির কোম্পানি কমান্ডার টি আলম জানান, ভারত থেকে অবৈধ পথে ৯ নারীকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের ভারত সীমান্তে ফেরত পাঠায়।

তিনি বলেন, সীমান্ত দিয়ে কোনো ভারতীয় নারী যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে বিজিবি টহল বৃদ্ধি করেছে।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন