পিএনএস ডেস্ক : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী বাস, পরিবহন ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে রিকশা চালক মোশারফ হোসেন (৬০) ঘটনাস্থলেই নিহত হয়েছে।
নিহত মোশারফ উজিরপুরের জয়শ্রী এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরো কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের জয়শ্রী সাজু পাম্পের সামনে ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাস ও বরিশালগামী সেবা নামের একটি বাসের সংঘর্ষ হয়।
এসময় বিএমএফ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ব দিয়ে যাওয়া রিকশার ওপর ওঠে যায়। এতে রিকশা চালক মোশারফ ঘটনাস্থলেই নিহত হয়।
এ ঘটনায় দুই বাস ও রিকশার যাত্রীসহ কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছে। আহতদের উজিরপুর ও বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পিএনএস /এএ
বরিশালের মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০
24-07-2026 08:32PM

