পিএনএস ডেস্ক: ভারতের তরুণদের নতুন প্লাটফর্ম ককরোচ (তেলাপোকা) জনতা পার্টির তীব্র আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীদের এ সাফল্যে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী। তবে, আন্দোলনকারীদেরকে এখানেই না থেকে মোদি সরকারের পতনের জন্য লড়ে যেতে বলেছেন তিনি। আন্দোলনে কৃষক-শ্রমিকসহ সমাজের অন্যান্য অংশেরও অংশগ্রহণ চেয়েছেন এই কংগ্রেস নেতা।
শনিবার (২৫ জুলাই) নিজ বাসভবন ১০ জনপথে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দলের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী। পরে সারা দেশের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন তিনি। গণতন্ত্র, সংবিধান ও নিজেদের ভবিষ্যৎ রক্ষায় রাজপথে নেমে লড়াই করার জন্য তরুণদের প্রশংসা করেন তিনি।
সেখানে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ভারতের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের পথে একটি বিশাল পদক্ষেপ বলে উল্লেখ করেন রাহুল গান্ধী। তিনি লিখেন, সারা দেশের শিক্ষার্থীদের জন্য আমরা গর্বিত। গণতন্ত্র ও সংবিধান রক্ষায় যে তরুণ শিক্ষার্থীরা রাজপথে অনড় ছিলেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন।
শিক্ষার্থীদের এই আন্দোলনে সরকারের দমনপীড়নের কড়া সমালোচনাও করেন তিনি। একইসঙ্গে ভয় না পেয়ে সাংবিধানিক উপায়ে আন্দোলনকারীদেরকে নিজেদের মর্যাদা রক্ষার আহ্বান জানান তিনি। এসময় ভারতের কৃষক, শ্রমিক, দরিদ্র ও এই সরকারের হাতে নিপীড়িত প্রতিটি মানুষের প্রতি আহ্বান জানিয়ে রাহুল গান্ধী লিখেন, সত্যিকারের সাহস হলো সাংবিধানিক পন্থায় নিজের মর্যাদার জন্য অবিচল থাকা। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে দেওয়ার সময় এসেছে। ভয় পাবেন না!
এদিকে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি এরই মধ্যে ভারত সরকার শিক্ষার্থীদের অন্য দাবিগুলোও মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তারা জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি সরকার তাদের অন্য দাবিগুলোও মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা পুলিশ মামলা তুলে নেওয়া, ভবিষ্যতে তাদের হয়রানি না করা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মঘাতী শিক্ষার্থীদের পরিবারকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া।
৩৬ দিন ধরে চলা এই আন্দোলনের পর সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেওয়ায়, সব বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদস্থল ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
পিএনএস/রাআ
মোদির ‘গদি’ উল্টে দেওয়ার আহ্রাবান রাহুল গান্ধীর
25-07-2026 10:53PM

