পিএনএস ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে লোকাল বাসে যৌন হেনস্তার অভিযোগে মো. জসিম (৩৫) নামে ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন সহযাত্রীরা। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. জসিম ফটিকছড়ি উত্তর উপজেলার নারায়ণহাট ইউনিয়নের মাইঝপাড়া এলাকার বাসিন্দা। মামলার বাদী অতিথি চাকমা (ছদ্মনাম) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং খাগড়াছড়ি সদর উপজেলার নারানখাইয়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে বাড়ির উদ্দেশ্যে রওনা হন ওই শিক্ষার্থী। বাসটি হাটহাজারী এলাকায় পৌঁছালে অভিযুক্ত জসিম তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে বাসের অন্যান্য যাত্রী ক্ষুব্ধ হয়ে তাকে বাস থেকে নামিয়ে দেন।
পরে বাসটি ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্ট্যান্ডে পৌঁছালে পূর্বের ঘটনার জেরে অভিযুক্ত ব্যক্তি পুনরায় বাসে উঠে শিক্ষার্থীর জামা ও চুল ধরে টানাহেঁচড়া করেন। অভিযোগ রয়েছে, যৌন উদ্দেশ্যে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
শিক্ষার্থীর চিৎকারে বাসের যাত্রী, চালক ও সহকারী এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক জসিমকে তাদের হেফাজতে নেয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক মামুন বলেন, ‘একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সঙ্গে চলন্ত বাসে এ ধরনের যৌন হয়রানির ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। গণপরিবহনে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
পিএনএস /এএ
চলন্ত বাসে যৌন হয়রানির শিকার চবি শিক্ষার্থী, অভিযুক্ত আটক
25-07-2026 04:30PM

