সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

  25-07-2026 07:27PM

পিএনএস ডেস্ক : বান্দরবানের থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় ৭ আরোহীর মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন পর্যটক। তাকে উদ্ধারে বিজিবির নেতৃত্বে সমন্বিত অভিযান চলছে।

শনিবার (২৫ জুলাই) ৩৮ বিজিবির অধিনায়ক (বলিপাড়া ব্যাটালিয়ন) লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ২১ মিনিটে বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে তীব্র স্রোতের কারণে সাত আরোহী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়। ঘটনাস্থলটি বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধীন টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায়।

ঘটনার পর রেমাক্রি থেকে থানচিগামী বিজিবির একটি টহলদল তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে চারজন পর্যটক, নৌকার মাঝি ও টুরিস্ট গাইডসহ মোট ছয়জনকে জীবিত উদ্ধার করে। তবে একজন পর্যটক নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪)। তিনি ময়মনসিংহের মাসকান্দা গ্রামের বাসিন্দা এবং মো. হেলাল উদ্দিন ও মোছা. দেলোয়ারা আক্তারের ছেলে।

বিজিবি জানায়, নিখোঁজ পর্যটককে উদ্ধারে তাদের চারটি বিশেষ টহলদল সাঙ্গু নদীতে অভিযান পরিচালনা করছে। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি, নৌকার মাঝি, টুরিস্ট গাইড ও স্থানীয় বাসিন্দারাও অংশ নিয়েছেন।

উদ্ধার তৎপরতা জোরদার করতে বিজিবির উদ্যোগে থানচি ফায়ার সার্ভিসকে অভিযানে যুক্ত করা হয়েছে। তবে স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটে ডুবুরি না থাকায় নদীর তলদেশে অনুসন্ধান চালানো সম্ভব হয়নি। এ কারণে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পর নদীর তলদেশে বিস্তারিত অনুসন্ধান চালানো হবে।

বিজিবি জানিয়েছে, নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরবচ্ছিন্নভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন