পিএনএস ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে রেজুয়ান হোসেন খান (৫৭) নামের এক কয়েদি মারা গেছেন। সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন রেজুয়ান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. আজম জানান, রেজুয়ান হোসেন কেন্দ্রীয় কারাগারে রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১ টার দিকে মৃত ঘোষণা করেন।
রেজুয়ান হোসেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার এক মামলায় কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ থানার সূর্যনগর গ্রামের মৃত দোলেয়ার হোসেনের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পিএনএস/রাআ
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু
09-06-2026 02:14AM

