পিএনএস ডেস্ক: জামালপুরের ইসলামপুরে মুজিব শতবর্ষের লোগো সংবলিত একটি খামে ডাকযোগে পাঠানো উড়ো চিঠিতে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার চিনাডুলী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ চিঠিটি পান।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষের লোগো সংবলিত খামের ওপর প্রাপকের ঠিকানায় মোহাম্মদ সবুজ ও তার বাবা জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ রয়েছে। খামের ভেতরে থাকা হলুদ রঙের একটি কাগজে হাতে লেখা চিঠিতে অশালীন ভাষা ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। উড়ো চিঠিতে তাকে প্রকাশ্যে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে প্রেরকের কোনো নাম-পরিচয় উল্লেখ করা হয়নি।
চিনাডুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ বলেন, চিঠিটা যখন এসেছে আমি তখন বাড়িতে ছিলাম না। পরে জানতে পারি, আবু তালেব নামে একজন ব্যক্তি আমাদের বাড়ির সামনে এসে চিঠিটি রেখে যান। পরে আমি ডাকঘরে খোঁজ নিয়েছি। তারা বলেছে, চিঠিটি ইসলামপুর উপজেলা ডাকঘর হয়ে এসেছে।
তিনি আরও বলেন, আমার ব্যক্তিগত বা রাজনৈতিকভাবে কারও সাথে এমন কোনো বিরোধ নেই, যার কারণে এ ধরনের হুমকি আসতে পারে। কে বা কারা এর পেছনে রয়েছে, কেন এমনটা করেছে তা বুঝতে পারছি না। চিঠিটি পাওয়ার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত পড়েছি এখনো থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছি।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিএনএস/এমএইউ
জামালপুরে উড়ো চিঠিতে বিএনপি নেতাকে হত্যার হুমকি
23-06-2026 12:13PM

