দুর্যোগ মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

  12-07-2026 01:22PM

পিএনএস ডেস্ক: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সীমিত সামর্থ্য নিয়েও সরকার জনগণের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করছে।

রবিবার (১২ জুলাই) রাজধানীর বাসাবো কমিউনিটি সেন্টারে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সীমিত সক্ষমতা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে, তার সর্বোচ্চটুকু কাজে লাগিয়ে জনগণের পাশে থাকতে চাই।”

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তারা দায়িত্ব পালন করে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, “ঢাকা একটি পরিবারের মতো। এই পরিবারের সদস্য হিসেবে সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চাই। আজ না হোক, কাল আমরা সবাই মিলে এমন উদ্যোগ নেব, যাতে অসহায় মানুষের পাশে আরো কার্যকরভাবে দাঁড়ানো যায়।”

তিনি জানান, ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ওয়ার্ড, থানা ও ইউনিয়ন পর্যায়ে কাজ করা দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে আরো বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এরপরও প্রধানমন্ত্রী জনগণের দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে থাকার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠান শেষে অসহায় দুস্থদের মাঝে চেক প্রদান করা হয়।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন