হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মিরাজ, খেলা নিয়ে অনিশ্চয়তা

  12-06-2026 05:07PM

পিএনএস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাথায় বাউন্সারের আঘাত পাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সতর্কতা হিসেবে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর চিকিৎসকদের অনুমতিতে তাকে বাসায় পাঠানো হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় মিরাজের সর্বশেষ শারীরিক অবস্থার খবর জানান দলের ম্যানেজার নাফিস ইকবাল।

তিনি বলেন, ওয়ানডে অধিনায়ক মিরাজ বর্তমানে বাসায় রয়েছেন। ম্যাচের পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানে প্রায় ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়।

নাফিস জানান, ম্যাচ চলাকালে মাথায় বাউন্সারের আঘাত পাওয়ার পর মিরাজ বমি করেছিলেন, যা কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। যদিও তিনি পরে খেলা চালিয়ে যান, তবুও ম্যাচ শেষে বিসিবির চিকিৎসক ও ফিজিওর পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, হাসপাতালে তার দুটি স্ক্যান করা হয়েছে। প্রথম স্ক্যানের রিপোর্ট ভালো আসে। আজ দ্বিতীয়বার স্ক্যান করা হলেও কোনো জটিলতা ধরা পড়েনি। রিপোর্ট সন্তোষজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিয়েছেন।

তবে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মিরাজ খেলতে পারবেন কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারেনি টিম ম্যানেজমেন্ট। নাফিস ইকবাল জানান, শনিবারের অনুশীলনে তার অংশগ্রহণও এখনও অনিশ্চিত। চিকিৎসক ও ফিজিও নিয়মিত তার অবস্থার পর্যবেক্ষণ করবেন এবং ফিটনেস বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নাথান এলিসের একটি বাউন্সার মিরাজের হেলমেটে আঘাত হানে। আঘাতের পর তিনি মাঠেই শুয়ে পড়েন এবং বমি করতে দেখা যায় তাকে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মাঠে স্ট্রেচার ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছিল।

তবে কিছুক্ষণ পরই তিনি আবার ব্যাটিংয়ে ফিরে আসেন এবং দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচ শেষে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছিলেন, মাথায় আঘাতজনিত সম্ভাব্য ঝুঁকি এড়াতেই মিরাজকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোর ফল স্বাভাবিক আসায় নির্ধারিত সময়ের আগেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন