পিএনএস ডেস্ক : আগামী ১৬, ১৮ ও ১৯ জুলাই জিম্বাবুয়ে সফরে থাকবে বাংলাদেশ দল। তবে সফরের অধিনায়ক লিটন কুমার দাস ও পেসার তাসকিন আহমেদ টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না বলে জানা গেছে। এ সময়ে তারা দুইজন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিবেন। ইতিমধ্যে তারা এ ব্যাপারে বিসিবির অনুমতিও পেয়েছেন।
লিটন-তাসকিন ছাড়াও এলপিএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদও।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস বিষয়টি নিশ্চিত করেছেন।
নাফীস বলেন, ‘লিটন ও তাসকিন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না। তাদের এলপিএলে খেলার জন্য এনওসি দেওয়া হয়েছে। তাদের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও সাকিব আল হাসানকেও এলপিএলে অংশ নেওয়ার জন্য এনওসি দেওয়া হয়েছে।’
জানা গেছে, এলপিএলের ষষ্ঠ আসরের পর্দা উঠবে আগামী ১৭ জুলাই এবং টুর্নামেন্ট চলবে ৮ আগস্ট পর্যন্ত। ঠিক একই সময়ে বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফরে থাকবে। আগামী ১৬, ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে ২৮ জুন একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে সফর, এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট ও ওয়ানডে খেলে শ্রীলঙ্কায় উড়ে যাবেন লিটন ও তাসকিন।
শ্রীলঙ্কায় জাফনা কিংসের হয়ে খেলবেন সাকিব ও তাসকিন। গল গ্ল্যাডিয়েটর্সে দেখা যাবে লিটন ও মিরাজকে। অন্যদিকে বর্তমানে কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে খেলা হাসান মাহমুদ এলপিএলে যোগ দেবেন কলম্বো স্ট্রাইকার্সে।
এদিকে চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি লিটন। কাফ মাসলের সমস্যায় থাকা এই উইকেটকিপার-ব্যাটারের শেষ ম্যাচেও মাঠে নামার সম্ভাবনা কম। তবে জিম্বাবুয়ে সফরের আগে তিনি পুরোপুরি সেরে উঠবেন বলেই আশা করছে টিম ম্যানেজমেন্ট।
পিএনএস /এএ
জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না লিটন ও তাসকিন
20-06-2026 08:43PM

