পিএনএস ডেস্ক: রাজধানীতে মুঠোফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের সঙ্গে জড়িত মো. আসাদুজ্জামান (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পল্টন থানাধীন গুলিস্তান শপিং কমপ্লেক্সের পাতাল মার্কেটের গেট সংলগ্ন একটি দোকান থেকে চোরাই মুঠোফোন সংগ্রহ করে সেগুলোর আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি করা হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে আসাদুজ্জামানের হেফাজত থেকে আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুটি ল্যাপটপ, প্রয়োজনীয় সরঞ্জামাদি, ১৬টি মুঠোফোন এবং নগদ ৫ হাজার ৫৯০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, উদ্ধার করা মুঠোফোন ও সরঞ্জামাদির আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।
আসাদুজ্জামানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে ডিবি জানায়, তিনি ও তার পলাতক সহযোগী রাজন শেখ আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের মূলহোতা। এই চক্রে আরও ১০ থেকে ১২ জন সদস্য রয়েছেন।
তারা রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও লুণ্ঠনের মাধ্যমে সাধারণ মানুষের মুঠোফোন সংগ্রহ করে আসাদুজ্জামান ও রাজন শেখের কাছে সরবরাহ করতেন। পরে আইএমইআই নম্বর পরিবর্তন করে সেগুলো ঢাকাসহ আশপাশের এলাকায় গোপনে বিক্রি করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এএইচএ
ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের ‘মূলহোতা’ গ্রেফতার
25-01-2026 07:09PM

