পিএনএস ডেস্ক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় রিয়াদ হোসেন (১৩) নামে এক মাদরাসা ছাত্রকে হিজড়া পল্লীতে বিক্রির অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ভুক্তভোগী কিশোরের পিতার দায়ের করা মামলায় অভিযুক্ত সুমন (২৩) ও তার মা শ্যামলী খাতুনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
নিখোঁজ রিয়াদ হোসেন উপজেলায় মান্দ্রারতলা গ্রামের নাসির উদ্দীনের ছেলে এবং একই উপজেলার একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে প্রতিবেশী শরিফুলের ছেলে সুমন রিয়াদকে ফুঁসলিয়ে ভোলায় নিয়ে যায়। এরপর থেকে রিয়াদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় কৃষক আফজাল হোসেন ও প্রতিবেশী রবিউল জানান, সুমন রিয়াদকে সঙ্গে নিয়ে গেলেও ফিরে আসে একা।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নারী জানান, রিয়াদকে নিয়ে যাওয়ার আগে সুমন হরিণাকুণ্ডু উপজেলার বিপ্লব নামে এক তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্যের সাথে যোগাযোগ করেছিল। হয়ত, রিয়াদকে হিজড়াদের কাছেও বিক্রি করতে পারে।
তবে সুমনের পরিবারের দাবি, ভোলা থেকে ফেরার পথে রিয়াদ পালিয়ে গেছে। তাই তাকে আর খুঁজে না পেয়ে, সুমন বাড়িতে ফিরে এসেছে।
ভুক্তভোগী কিশোরের বাবা নাসির উদ্দীন জানান, ছেলের বিষয়ে জানতে গেলে সুমন আমাকে এলোপাতাড়ি মারধর করে, এতে আমি গুরুতরভাবে হয়। পরে কোনো উপায় না পেয়ে থানায় একটি মামলা করি।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, গত ৩০ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলার প্রেক্ষিতে দুই আসামিকে গ্রেফতার করে ঝিনাইদহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারের চেষ্টা চলছে।
এএইচএ
মাদরাসা ছাত্রকে হিজড়া পল্লীতে বিক্রির অভিযোগ, মা-ছেলে গ্রেফতার
31-01-2026 08:34PM

