পিএনএস ডেস্ক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দক্ষিণ ইরানে মার্কিন হামলার জবাবে তারা বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করে, হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনায় ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে তারা ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের দৃঢ়তা পরীক্ষা করার চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো হামলা বা হুমকি এলে তার জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে অঞ্চল ছেড়ে যাওয়ার আহ্বান জানান।
তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি দাবি করেছেন, মার্কিন হেলিকপ্টার লক্ষ্য করে ইরান কোনো ইচ্ছাকৃত হামলা চালায়নি।
এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় মঙ্গলবার প্রায় ২০ জন নিহত হয়েছেন। নতুন সামরিক অভিযানের আগে ইসরায়েল কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিলে হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়তে বাধ্য হন।
অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, চিকিৎসার জন্য বিদেশে যেতে ইচ্ছুক ১৬ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনিকে গাজা ছাড়তে বাধা দেওয়ায় অনেক রোগীর মৃত্যু ঘটছে। তাদের দাবি, চিকিৎসা বিলম্বিত হওয়ার কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তথ্যসূত্র : আলজাজিরা।
পিএনএস/এমএইউ
পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান
10-06-2026 12:55PM

